৩ শতাধিক প্রবাসীর সর্বস্ব লুট করে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রায় তিন শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেওয়া চক্রের মূলহোতা মো. আমির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। এ সময় লুট করা স্বর্ণ, মোবাইল ফোন এবং অজ্ঞান করার উপকরণ উদ্ধার করা হয়।

এ বিষয়ে রবিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

র‌্যাব জানিয়েছে, গত ১৫ বছর ধরে তারা এ ধরনের অপরাধ করে আসছিলেন। আমির হোসেনের বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে।