ফুটবল বিশ্বকাপের আগে সবার আগ্রহের কেন্দ্রে থাকে দলগুলোর জার্সি। ঘটা করেই সব দলের জার্সি প্রকাশ করে ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ফুটবলের মতো ক্রিকেটেও সেই চল আছে। তবে তা অতি আগ্রহের বিষয় ছিল না অবশ্য। সেই অতীত বদলেছে এখন। ক্রিকেটেও বিশ্বকাপের জার্সিও সমর্থকদের বড় আগ্রহের কারণ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সবার আগে জার্সি উন্মোচন করেছে পাকিস্তান, এরপর নিউজিল্যান্ড আর তৃতীয় হিসেবে গত শুক্রবার রাতে নতুন ডিজাইনের জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ। দেশের তিন ঐতিহ্য জামদানি শাড়ির ডিজাইন, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারকে আনা হয়েছে জার্সিতে।
গত বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে ২০০৪-০৫ সালের জার্সির ধরন কিছুটা ছিল। এবার অতীতকে টানা হয়নি। জার্সিতে নিয়মিত রং সবুজ থাকছে তাতে বুকের অংশে সুন্দরবনের জলছাপ আর নিচের অংশে বাঘের মুখাবয়ব। দুই পাশে হাতের নিচের অংশে লাল রংয়ে থাকছে জামদানি শাড়ির ডিজাইন।