আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল শনিবার দলটির কেন্দ্রীয় মজলিসে উমুমীর (সাধারণ পরিষদ) সদস্য সম্মেলনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া মাদ্রাসায় এই সম্মেলন হয়।
খেলাফত আন্দোলনের আমির আল্লামা আতাউল্লা হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশের জেলা আমির, সাধারণ সম্পাদকসহ আগামী নির্বাচনে দলটির পক্ষ থেকে বটগাছ প্রতীকে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আল্লামা আতাউল্লা হাফেজ্জী বলেন, ‘দলের প্রতিষ্ঠালগ্ন থেকে সব নির্বাচনেই খেলাফত আন্দোলন অংশগ্রহণ করে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও খেলাফত আন্দোলন অংশগ্রহণ করবে।’
তিনি আরও বলেন, ‘দলের প্রতিষ্ঠাতা হাফেজ্জী হুজুর যে উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, আমরাও সবাই একই উদ্দেশ্য নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। আপনারা সবাই নিজ নিজ এলাকায় নির্বাচন করার প্রস্তুতি নেবেন।’