করোনাভাইরাসে দেশে গত এক দিনে আরো একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যাও কিছুটা বেড়েছে। তবে কমেছে শনাক্তের হার।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ দিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭২৭ নমুনা পরীক্ষা করে ৫৩৫ নতুন রোগী শনাক্ত হয়। মৃত্যু হয়েছে একজনের।
শনিবার ৪৮০ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; মৃত্যু হয়েছিল ৫ জনের।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশ। আগেরদিন এ হার ছিল ১৫ দশমিক ২৮ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৬ হাজার ২১২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৬৯ জন।
২৪ ঘণ্টায় ৪৭৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৬ হাজার ১০৬ জন।
গত একদিনে যে ৫৩৫ জন রোগী শনাক্ত হয়েছে, তাদের ৪২৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ২৭টি জেলায় নতুন রোগী শনাক্ত হয়েছে।