মেঘনার টোল প্লাজায় ওসিকে কুপিয়ে টাকা, মোবাইল ফোন, এটিএম কার্ড ডাকাতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় ডাকাতের কবলে পড়েছেন চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক মো. ইয়াছিন বাদশা।

এ সময় ডাকাতরা তাদের কুপিয়ে টাকা মোবাইল ফোন ও এটিএম কার্ড নিয়ে যায়। এ ঘটনায় শনিবার রাতে ওসি বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।

শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত ওসি আলমগীর ও গাড়িচালক ইয়াছিন বাদশা চট্টগ্রামের চিকিৎসাধীন রয়েছেন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আহসানউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সোনারগাঁ থানায় দায়েরকৃত মামলার এজাহার থেকে জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক মো. ইয়াছিন বাদশা প্রাইভেটকার যোগে ঢাকা থেকে শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে তার কর্মস্থলে যাওয়া পথে মেঘনা টোল প্লাজা এলাকায় টোল দেওয়ার জন্য গাড়ি থামান। এ সময় তার আগে ৬-৭টি গাড়ি টোল দেওয়ার লাইনে ছিল। এতে সামান্য যানজটের সৃষ্টি হয়।

এ সময় অতর্কিতে ওসিকে বহনকারী প্রাইভেটকার চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয় দুর্বৃত্তরা পরে তারা প্রাইভেটকারের পেছনের দরজা খুলে ওসি আলমগীরকে বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে।

এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার টাকা, ৬০ হাজার টাকা মূল্যের চারটি মোবাইল সেট নিয়ে যায় ডাকাতরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে তারা দ্রুত গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি হন।

এ ঘটনায় শনিবার রাতে ওসি আলমগীর হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. নবীর হোসেন বলেন. ডাকাতির ঘটনায় মামলা দায়েরের জন্য ওসির প্রতিনিধি থানায় এসেছেন। মামলাটি সোনারগাঁ থানা পুলিশ তদন্ত করবেন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বলেন, ওসিকে কুপিয়ে ডাকাতির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।