দেশে দেশে জাতিগত দাঙ্গা এবং মরণঘাতী যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানিস্ট সোসাইটি অব বাংলাদেশ। গতকাল রবিবার জাতীয় জাদুঘরের সামনে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে আন্তর্জাতিক অহিংস দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংবৃতা আবৃতি সংগঠনের সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিস্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক এম শামসুদ্দোহা।
মিজানুর রহমান পাশার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. সেলিম রেজা, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ও হিউম্যানিস্ট সোসাইটির সিনিয়র সহসভাপতি মো. শাহেদ উল্লাহ, সহসভাপতি আইয়ুব আনসারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জসিম, সহ-সাধারণ সম্পাদক শেখ মো. আরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক গোলাম মওলা হিরণ, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, রবীন্দ্র ভারতী প্রাক্তনী একেএম সীমান্ত ও সংগীতশিল্পী সাব্রিনা খান তন্দ্রা প্রমুখ। অনুষ্ঠানে যুদ্ধবিরোধী প্রতিবাদী কবিতা পাঠ করেন চয়ন ও হাম্মাদ।
মানববন্ধনে বক্তারা বিশ্বব্যাপী মহামারী করোনা-পরবর্তী চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে তৈরি হওয়া বিশ্ব অস্থিরতার সমালোচনা করে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।