দেশে এক দিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত হার কিছুটা কমেছে। তবে রোগী কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় মারা গেছে একজন। এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৩৫ জন ও শনাক্তের হার হয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন গত শনিবার মৃত্যু ছিল পাঁচজনের। সেদিন রোগী শনাক্ত হয়েছিল ৪৮০ জন ও শনাক্ত হার ছিল ১৫ দশমিক ২৮ শতাংশ।
এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৯ হাজার ৩৬৯ জন এবং রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ২৬ হাজার ২১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৭২৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।