প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশের ১ হাজার নারী উদ্যোক্তাকে ৫ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত প্রত্যেক নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত হয় স্মার্ট নারী উদ্যোক্তাদের অনুদান প্রদানের একটি অনুষ্ঠান।
অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ১ হাজার নারী উদ্যোক্তার মধ্যে ওয়েব ফাউন্ডেশনেরই অর্ধশতাধিক। তাদের প্রত্যেকেই ৫০ হাজার টাকা করে অনুদান পেয়েছেন।
অনুদানপ্রাপ্তরা বলেন, এটা বিশাল পাওয়া। এমন অনুদান নিজেদের কাজের আরও অনুপ্রেরণা-উৎসাহ বাড়াবে। নতুনদেরও অনলাইনে কাজ করার আগ্রহ বাড়াবে।
ওয়েব ফাউন্ডেশন- এর প্রেসিডেন্ট রুপা আহমেদ জানান, এটাই আমাদের স্বার্থকতা ও বড় পাওয়া।
তিনি এমন যুগোপযোগী সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
ওয়েব ফাউন্ডেশন বাংলাদেশের বৃহৎ নারী কর্মসংস্থান সৃষ্টির অন্যতম সূতিকাগার হিসেবে পরিচিত। বাংলাদেশের পিছিয়ে থাকা নারীদের মানব সম্পদে পরিণত করার লক্ষ্যেই এদের পথচলা। সরকারি এমন উদ্যোগ তাদের কাজকে আরও গতিশীল করবে।