দেশে গত ২৪ ঘণ্টায় (গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা) ডেঙ্গুজ¦রে আরও তিনজন মারা গেছে। গত ৮ দিনের মধ্যে এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেল ৬১ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে ৫২৫ জন রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮২০। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের দুজন ঢাকায় এবং একজন কক্সবাজার জেলায়।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর এক দিনে তিনজনের মৃত্যু হয়েছিল। আগের দিন গত রবিবার মারা যায় দুজন। এর আগে এ বছর এক দিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয় ৬ সেপ্টেম্বর ও ৪ জন মারা যায় ১২ সেপ্টেম্বর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এ বছর যে ৬১ জন মারা গেছে, তাদের ২৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং একজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগের নরসিংদী জেলায়। চট্টগ্রাম বিভাগে ২৬ জন এবং বরিশাল বিভাগে পাঁচজনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় ৩৫২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৩ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে, ৬০ জন। এই বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে কক্সবাজার জেলায়, ২২ জন। এ ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৪৪ রোগী ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।