বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে একটি মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
সোমবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর জেলার বনপাড়া উপজেলার বনপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫৫), তার স্ত্রী পান্না খাতুন (৪৫), মাইক্রোবাস চালক সেলিম শেখ (৪০) ও মানিকগঞ্জের রফিকুল ইসলাম (৩৮)।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে আহতদের ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে গেলে বাসটি ঝাঐল ওভার ব্রিজের ওপর দাঁড়িয়েছিল। এ সময় বনপাড়া থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি দাঁড়িয়ে থাকা বাসটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই একজন নিহত ও ১০ জন আহত হয়।
তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ২ জন নিহত হওয়ার খবর পেয়েছি। সকালে আরও একজন নিহত হয়েছে কিনা তা আমার জানা নেই। তিনি আরও বলেন, নিহতদের লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক জানান, বনপাড়া থেকে একটি মাইক্রোবাস ১১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। মাইক্রোবাসটি কামারখন্দের ঝাঐল ওভারব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে ২ জন ও সকালে একজনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।