অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা থেকে অনিল কাপুর- বলিউডের এই অভিনেতারা যেমন দর্শকমহলকে সুপারহিট ছবি উপহার দিয়েছেন, তেমন তাদের ছেলেমেয়েরাও কিন্তু পিছিয়ে থাকেননি। তারাও বলিউডে নিজেদের জায়গা করে নিয়েছেন। তবে, সিনেমাজগতে এমন বহু হিন্দি ছবি রয়েছে, যেখানে নিজের ছেলেমেয়েদের সঙ্গেই এক পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছেন বলিউডের কিছু নামকরা তারকা।
অমিতাভ বচ্চন-অভিষেক বচ্চন
বলিউডের 'বিগ বি' অমিতাভ বচ্চন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি প্রায় ২০০টির কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন। অমিতাভপুত্র অভিষেকও কোনো অংশে কম যাননি। ২০০০ সালে 'রিফিউজি' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।
বাবা-ছেলের এই জুটিকে একটি নয় একসঙ্গে বহু ছবিতে অভিনয় করতে দেখা গেছে। 'কাভি আলবিদা না ক্যাহ না', 'পা', 'বান্টি অউর বাবলি', 'ঝুম বরাবর ঝুম'-সহ বিভিন্ন ছবিতে অমিতাভ-অভিষেকের অভিনয় দর্শকের মন কেড়েছে।
ঋষি কাপুর-রণবীর কাপুর
চলতি বছরে মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত 'শমসেরা' এবং 'ব্রহ্মাস্ত্র' ছবি দুটি। দীর্ঘ বিরতির পর আবার বলিউডে ফিরে পর পর দুটি ছবিতে কাজ করলেন রণবীর।
২০০৭ সালে 'সাওয়ারিয়া' ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখলেও রণবীর তার বাবার সঙ্গে একটি মাত্র ছবিতে অভিনয় করেছেন। ২০১৩ সালে অভিনব কাশ্যপ পরিচালিত 'বেশরম' ছবিতে ঋষি কাপুর এবং রণবীর কাপুরকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিতেও তাদের বাবা-ছেলের ভূমিকাতেই দেখা গিয়েছে।
অনিল কাপুর-সোনম কাপুর
রণবীরের সঙ্গে বলিউডের অভিষেক ঘটিয়েছিলেন সোনম কাপুর। 'সাওয়ারিয়া' ছবিতেই প্রথম বড় পর্দায় অভিনয় করেন অনিলকন্যা। এর পর অনিল কাপুরের প্রযোজনায় বহু ছবিতে সোনম কাজ করলেও অনিল সব সময় ছিলেন ক্যামেরার পেছনেই। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত 'এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' ছবিতেই বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনিল এবং সোনমকে।
ধর্মেন্দ্র-সনি/ববি দেওল
'হি-ম্যান অব বলিউড' ধর্মেন্দ্র ইন্ডাস্ট্রিতে ছয় দশক ধরে কাজ করছেন। মোট ৩০০টির বেশি ছবিতে অভিনয় করলেও দুই পুত্রের সঙ্গে তিনি হাতে গোনা ছবিতে অভিনয় করেন।
সানি দেওল এবং ববি দেওলের সঙ্গে ধর্মেন্দ্রকে 'আপনে', 'ইয়ামলা পাগলা দিওয়ানা' সিরিজের ছবিতেই শুধুমাত্র অভিনয় করতে দেখা গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, 'আপনে' ছবির দ্বিতীয় পর্বে অভিনয় করতে দেখা যাবে
ধর্মেন্দ্রর সঙ্গে তার দুই পুত্রকে।
শাহরুখ খান-আরিয়ান খান
বলিউডের 'কিং খান' শাহরুখ বলিউড কাঁপিয়ে রেখেছেন দীর্ঘ ৩০ বছর ধরে। শাহরুখপুত্র আরিয়ান এখনো পর্যন্ত কোনো ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেননি। 'দ্য লায়ন কিং' এবং 'দ্য ইনক্রেডিবলস' নামের দুটি হলিউড অ্যানিমেশন ছবিতে কণ্ঠদান (ভয়েস-ওভার) করেছেন।
কিন্তু বড় পর্দার সঙ্গে আরিয়ানের পরিচয় ঘটেছে বহু বছর আগেই। ২০০১ সালে করণ জোহর পরিচালিত 'কাভি খুশি কাভি গম' ছবিটি বক্স অফিসে বিপুল সাড়া ফেলে। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন আরিয়ানও।
যদিও শাহরুখ এবং আরিয়ান একই ফ্রেমে অভিনয় করেননি। ছবিতে শাহরুখের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন আরিয়ান। শিশু অভিনেতা হিসাবে এই ছবিতেই প্রথম অভিনয় শাহরুখপুত্রের। আর কোনো ছবিতে অভিনয় করেননি আরিয়ান। সূত্র : পিঙ্কভিলা