প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নারী গ্রেপ্তার

রাজবাড়ীতে ফেসবুকে সরকারের উন্নয়ন ও প্রধানমন্ত্রী নিয়ে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা-পুলিশ।

গ্রেপ্তার সোনিয়া আক্তার স্মৃতির বাড়ি রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকায়।  তার স্বামীর নাম মো. খোকন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা।

নিজের ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সরকারের বিপক্ষে লেখালেখি করেন বলে অভিযোগ রয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সামসুল আরেফিন চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় স্মৃতির বিরুদ্ধে মামলা করেন।

সেই মামলার প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানায় দণ্ডবিধি ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা গ্রহণ করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনিয়া আক্তার স্মৃতি গত ৩১ আগস্ট তার ফেসবুকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করিবার লক্ষ্যে উল্লেখিত মিথ্যা, বানোয়াট ও মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম/ডিজিটাল মাধ্যমে প্রচার করেন।

এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে তার ফেসবুকে সরকারের নানা উন্নয়ন নিয়ে ও প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে নানা প্রকার বক্তব্য পরিবেশন করেন। ফলে সমাজে অনেক মানুষ ভুল তথ্য জানে।

গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে আসেন সোনিয়া আক্তার স্মৃতি। সেখানে পুলিশকে উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে মধ্যরাতে কেন ধরতে আসছেন? আমি তো পালিয়ে যাচ্ছি না। আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। আমি তাদের রেখে আসছি। আমাকে ১০-১৫ মিনিট সময় দেন। আমি স্বেচ্ছায় বের হচ্ছি। তিনি ভালো আছেন, সুস্থ আছেন বলে ফেসবুকে সবার উদ্দেশ্যে জানান।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদৎ হোসেন বলেন, একটি মামলার প্রেক্ষিতে রাতে সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।