রাজনীতিতে জড়াতে চায় না পাকিস্তান সশস্ত্র বাহিনী!

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, রাজনীতি থেকে দূরেই থাকবে দেশের সশস্ত্র বাহিনী। এ বিষয়ে জাতিকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও দূরেই থাকতে চায়।’ গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পাকিস্তান দূতাবাসে এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে জেনারেল বাজওয়া আগামী দুই মাসের মধ্যে নিজের দ্বিতীয় দফার তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর চলে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন এবং জানান, তিনি আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি রক্ষা করবেন।

বাজওয়া আরও বলেন, ‘পাকিস্তানের রুগ্ণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার কাজটি সমাজের সব অংশের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। শক্তিশালী অর্থনীতি ছাড়া জাতি তার লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে না।’ মধ্যাহ্নভোজের পর জেনারেল বাজওয়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকের জন্য পেন্টাগনে যান। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি রুথ শেরম্যানের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন জেনারেল বাজওয়া।