নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শুক্কুর আলী (৫০) নামে চরমপন্থি দলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্কুর পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্য। খুনসহ ডাকাতি মামলায় আদালত যাবজ্জীবন সাজা দিলেও আগেই ফেরারি হয় সে। একই অভিযানে গ্রেপ্তার দিদার মিয়া (৪০) শুক্কুর আলীর প্রধান সহকারী।
গত মঙ্গলবার রাতে শুক্কুর ও দিদারকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান র্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
মহিউদ্দিন আহমেদ বলেন, শুক্কুর আলী ও তার দল নেত্রকোনার খালিয়াজুড়ি থানার একটি বাড়ির দেয়াল ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে। সে সময় ভুক্তভোগী মনোরঞ্জন সরকারের ছেলে বাধা দিলে তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। গ্রেপ্তার দিদার ওই হত্যাকাণ্ডে তার চাচা শুক্কুর আলীর প্রধান সহকারী হিসেবে ভূমিকা পালন করে।