ডেঙ্গুতে এক দিনে আরও ২ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩৪৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ২ জন মারা গেছে। এর আগে গত মঙ্গলবার হাসপাতালে রোগী ভর্তি হয়েছিল ৪৮২ জন। সেদিন কেউ মারা যায়নি। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ১৮ হাজার ৬৪৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে ৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর এখন পর্যন্ত যত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি ১৪ হাজার ১২৯ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৫১৭ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ২৭০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ৭৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ৬০১ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ মাসের গত ৫ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৫৫৪ জন।