খুলনা নগরীর বড় বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানের বেশির ভাগ মালামাল পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে ভৈরব নদের পাড়ে বড় বাজারের ডেল্টা ঘাটসংলগ্ন দোকানগুলোতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় দীর্ঘ দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বড় বাজারের ডেল্টা ঘাটসংলগ্ন দোকানগুলোতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা হোসেন হার্ডওয়্যার, সুরুচি বস্ত্রালয়, নাহিদ আমব্রেলা, কংশ বণিক ভা-ার ও নিউ কংশ বণিক ভা-ারে ছড়িয়ে পড়ে। এ দোকানগুলোর বেশির ভাগ মালামাল পুড়ে গেছে। এছাড়া অবশিষ্ট মালামাল আগুন নেভানোর সময় পানিতে নষ্ট হয়ে গেছে।
ফায়ার সার্ভিস খুলনা বিভাগীয় উপপরিচালক মো. সালেহউদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে দুপুর ১টা ৭ মিনিটের দিকে প্রথমে নগরীর টুটপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। এরপর নগরীর বয়রা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।