১৫ দিন ধরে করোনা সংক্রমণ স্থিতিশীল

গত ১৫ দিন ধরে দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি প্রায় স্থিতিশীল রয়েছে। প্রায় একই রয়েছে দৈনিক রোগী শনাক্ত, সংক্রমণ হার ও মৃত্যুর সংখ্যা।

গত সাত দিনে (২৯ সেপ্টেম্বর-৫ অক্টোবর) গড়ে দৈনিক রোগী শনাক্ত হয়েছে ৬১৫ জন করে ও দৈনিক মারা গেছে গড়ে ২ জন করে। এ সময় গড় শনাক্ত হার ছিল ১৪ শতাংশ। এর আগের সপ্তাহে (২২-২৮ সেপ্টেম্বর) প্রায় একই হারে সংক্রমণ হয়েছে। সে সময় দৈনিক গড় শনাক্ত রোগী ছিল ৬২০, মৃত্যু ছিল ২ জন করে ও শনাক্ত হার ছিল গড়ে ১৪ শতাংশ।

গত সপ্তাহে রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৩০৪ ও মারা গেছে ১৪ জন। তার আগের সপ্তাহে শনাক্ত রোগী ছিল ৪ হাজার ৩৪০ ও মারা গেছে ১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনার তথ্য বিশ্লেষণ করে সংক্রমণের এমন চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) আগের দিন মঙ্গলবারের তুলনায় পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার সামান্য বেড়ে ১৩ দশমিক ৮৬ হয়েছে। আগের দিন শনাক্ত হার ছিল ১৩ দশমিক ৮০।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৫৪৯ ও মারা গেছে দুজন। এ সময় করোনার ৩ হাজার ৯৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিন ৬৫৭ ও গত সোমবার ৬৯৬ জন রোগী শনাক্ত হয়েছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৮ হাজার ১১৪ জন হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩৭৪ জন।

নতুন শনাক্ত ৫৪৯ রোগীর মধ্যে ৪২৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। যে দুজনের মৃত্যু হয়েছে, তাদের একজন ঢাকা ও একজন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। চল্লিশোর্ধ্ব ও পঞ্চাশোর্ধ্ব দুজন পুরুষ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।