উত্তর কোরিয়া বৃহস্পতিবার আরও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই নিয়ে গত দুই সপ্তাহের মধ্যে দেশটি ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো। খবর বিবিসির।
গত মঙ্গলবার উত্তর কোরিয়া জাপানের উপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।
এর জবাবে পরদিন দক্ষিণ কোরিয়া ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্র জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
‘প্রতিশোধ’ নিতেই তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
মঙ্গলবার উত্তর কোরিয়ার আচরণের প্রতিক্রিয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকে যুক্তরাষ্ট্র।
বৈঠকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে কঠোর নিষেধাজ্ঞা থেকে রক্ষার জন্য রাশিয়া ও চীনকে দোষারোপ করেছে।
তবে রাশিয়া ও চীনের প্রতিনিধিরা জানিয়েছেন, শাস্তির চেয়ে সংলাপ বাড়ানো ভালো।
দক্ষিণ কোরিয়া ও জাপান জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় সকাল ৬টার দিকে ছোড়া হয়। এটি প্রায় ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির ফ্লাইট রেঞ্জ ছিল ৮০০ কিলোমিটার।
গত দুই মাস উত্তর কোরিয়ার আক্রমণকে পরাজিত করতে এবং প্রতিরোধে অনুশীলন করার পাশাপাশি যৌথ মহড়ার একটি সিরিজ আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।
এই মহড়া উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ক্ষুব্ধ করে তোলে। তিনি এটিতে তার শত্রুরা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার প্রমাণ হিসেবে দেখছেন।