ইউক্রেনীয় ক্লাব শাখতার দোনেৎস্কের সঙ্গে লড়াইটা তিক্ত অভিজ্ঞতার রিয়াল মাদ্রিদের। তিন মৌসুম হলো গ্রুপে দেখা হচ্ছে তাদের। এর মধ্যে ২০২০-২১ চ্যাম্পিয়নস লিগে ঘরে-বাইরে দু’ম্যাচেই হেরেছিল রিয়াল। সাত মুখোমুখিতে একবার ড্রও আছে। গতবার অবশ্য দুই ম্যাচেই জিতেছিল রিয়াল, একটিতে ৫-০ গোলে। বুধবার এবারের লড়াইয়ের প্রথম দেখায় সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল দুই ব্রাজিলিয়ান ভিনি জুনিয়র ও রদ্রিগোর গোলে ২-১-এ হারিয়েছে শাখতারকে। টানা তিন জয়ে পয়েন্ট তালিকায় একচ্ছত্র আধিপত্য ধরে রাখ রিয়াল। আর্লিং হালান্ডের জোড়ায় এফসি কোপেনহেগেনের বিপক্ষে ৫-০ গোলের জয়ে ম্যানসিটিও তাদের গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে।
একের পর এক আক্রমণ করে ২৮ মিনিটের মধ্যে দুটি গোল আদায় করে রিয়াল। ১৩ মিনিটে রদ্রিগো এবং ২৮ মিনিটে ভিনিসিউস গোল করেন। পরের ১০ মিনিটও আক্রমণ চলতে থাকে রিয়ালের। কিন্তু গোল মেলেনি। উল্টো ৩৯ মিনিটে আলেকসান্দার জুভকভের দুর্দান্ত এক ভলিতে ব্যবধান কমায় শাখতার। রিয়াল গোলের উদ্দেশ্যে শট নেয় ৩৬টি। যার ১৪টি ছিল লক্ষ্যে। তাই ম্যাচ শেষে টনি ক্রুস বলছেন রিয়ালের সাত গোলে জেতা উচিত ছিল। ‘কখনো কখনো এরকম ম্যাচ আসে, যখন সবকিছু ঠিকঠাক করার পরও গোল যথেষ্ট হয় না। আজকে আমাদের ৭-১ গোলে জেতা উচিত ছিল। যা সুযোগ আমরা পেয়েছি, বিশ্বাস করা কঠিন যে ২-১ গোলে জিতেছি। শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হয়েছে আমাদের। কারণ, ব্যবধান ছিল স্রেফ এক গোলে এবং কোনো ভুল করলেই খেসারত দিতে হতো।’ ইন্টারনেট