তারকা বলে কি তারা মানুষ নন! 'কউন বনেগা ক্রোড়পতি'র 'হট সিটে' বসে এমনই জানালেন অমিতাভ বচ্চন। বলিউড তারকা হলেও আর পাঁচটা সাধারণ মানুষের মতো একই জামাকাপড় বার বার পরেন তারা। নিজের হাতে সেগুলো কাচাকাচি করে ইস্ত্রিও করেন। তার পর গোছগাছ করে আলমারিতে তুলে রাখেন। কেবিসি-র এক প্রতিযোগিনীর প্রশ্নের মুখে পড়ে বেরিয়ে এলো বিগ বি-র 'মাটির কাছাকাছি থাকা' চেহারা।
কেবিসি-র সঞ্চালক হিসেবে প্রশ্ন করাই তো অমিতাভের কাজ! তবে এই গেম শোয়ের ১৪তম আসরে সাম্প্রতিক পর্বে উল্টো ছবিও দেখা গেল। পিঙ্কি জাওয়ারানির চোখা চোখা প্রশ্নের মুখে পড়লেন স্বয়ং অভিতাভ।
৭৯ বছরের সুপারস্টারের কাছে পিঙ্কির অকপট মন্তব্য, 'একই জামাকাপড়ে আপনাদের (তারকাদের) তো কখনো দেখি না! তাই জানতে চাইছি, আপনারা কি কখনো একই জামা দ্বিতীয় বার পরেন?' এমন প্রশ্নের জবাব যে দিতে হবে, তা কখনো ভেবেছিলেন অমিতাভ? তবে ঘাবড়ে না গিয়ে সাফ বলেন, 'আপনারা আমাদের একই জামাকাপড়ে দেখেন না বটে, তবে আমরা তেমন করি।' এর পরেও অমিতাভের দিকে প্রশ্নবান ছুড়েছেন পিঙ্কি। এবার তার প্রশ্ন, 'আপনাদের বাড়িতে জামাকাপড় কাচা হয়?' এবার আর হাসি চাপতে পারেননি অমিতাভ। সে সব সামলে বলেন, 'অবশ্যই! মাঝেমধ্যে তো আমি নিজের জামাকাপড় কাচি। আপনারা আমাদের কী ভাবেন! তারকা হলেও আমরা আপনাদের থেকে আলাদা নই। যে সব জামাকাপড় পরি, তা কেচে, ইস্ত্রি করে গুছিয়ে আলমারিতেও তুলে রাখি।'
যদিও পিঙ্কির প্রশ্নবানের ঠেলায় একসময় স্বয়ং অমিতাভেরও মনঃসংযোগ টলে গিয়েছিল। তার অকপট মন্তব্য, হায় ঈশ্বর! এই গেমে তো আমার মনোযোগ একেবারে উড়ে গিয়েছে। চতুর্থ প্রশ্নের বদলে 'ফোর্থ ওয়াশিং' বলতে গিয়েছিলাম! সূত্র : হিন্দুস্তান টাইমস