বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা সরকারকে বলিনি আপনারা পদত্যাগ করুন, আমরা সরকারে বসব। আমরা বলছি আপনারা পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। জনগণ যাকে ভোট দেবে তারা সরকার গঠন করবে। অন্যদিকে সরকার জনগণের বুকে গুলি চালিয়ে যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়, লুটপাট করে নিজেদের ভাগ্য বদল করতে চায়।’
গতকাল শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির (জোন-৪) লালবাগ, চকবাজার ও কামরাঙ্গীরচর থানার উদ্যোগে লালবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুতের লোডশেডিং, জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে নিহত নূরে আলম, আব্দুর রহিম, শাওন ও শাওন প্রধানের মৃত্যুর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র কি আছে? ভোট দেওয়ার কোনো সুযোগ আছে? আমরা যুদ্ধ করেছিলাম যাতে দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারে, কিন্তু যেখানে প্রতিদিন খাদ্যদ্রব্যের দাম বাড়ে, প্রতিনিয়ত পরিবহনের ভাড়া বাড়ে, চিকিৎসার খরচ বাড়েÑ এরকম একটা দেশের জন্য আমরা যুদ্ধ করিনি।’