রাজধানী ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় জড়িত এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মনির হোসেন (২৮)। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের একটি অনাথ আশ্রমের টাকা চুরির ঘটনায় করা মামলার তদন্তে নেমে এ চোরের সন্ধান পায় পুলিশ।
গতকাল শুক্রবার পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক। তিনি জানান, এই পেশাদার চোর চুরির টাকায় জুয়া খেলে ও নেশা করে। তাকে দেখতে ভোলাভালা মনে হলেও নির্বিঘেœ সে চুরি করতে পারে।
তিনি জানান, একটি মামলার তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। চুরি যাওয়া ৭ লাখ ৮৭ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়।
আজিমুল হক বলেন, ‘মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ৩ নম্বর রোডে রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটি মূলত অনাথ ও পথশিশুদের আশ্রয় দেওয়া এবং তারেদ পড়াশোনায় সহযোগিতা করে থাকে। ১ অক্টোবর মধ্যরাতে প্রতিষ্ঠানের অফিস রুমের গ্রিল কেটে আলমারি থেকে সাড়ে ১২ লাখ টাকা চুরি করে এক চোর। ঘটনার পরদিন প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুন নাসের (রোমেল) বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি চুরির মামলা করেন।
তদন্তে নেমে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নে অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে ৭ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়। মনির পেশাদার চোর। তার বাড়ি কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের পশ্চিম বাংলানগর গ্রামে।