ব্লাকমেইল চক্রের ছুরিকাঘাতে খুন হন সাবেক সেনাসদস্য জাকির

বগুড়ায় ব্লাকমেইল চক্রের ছুরিকাঘাতে খুন হন সাবেক সেনাসদস্য জাকির হোসেন (৪৫)। এঘটনার সঙ্গে জড়িত ব্লাকমেইল চক্রের ২ জনকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

এঘটনায় নিহত জাকিরের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। 

শনিবার (৮ অক্টোবর) বেলা ১২টায় বগুড়ায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী। 

গত শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার কৈগাড়ি হোমিও কলেজ এলাকায় ছুরিকাঘাতে খুন হন সাবেক সেনাসদস্য জাকির হোসেন।

নিহত জাকির হোসেন সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাচিয়াখালী এলাকার মৃত আনোয়ারুল হোসেন জোমাদ্দারের ছেলে। তিনি শাজাহানপুরের শাকপালা এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন ও ফুলতলা মোড়ে চা ও মুদি দোকানের ব্যবসা করে আসছিলেন। 

জাকির হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতরা হলো- জেলার শাজাহানপুর উপজেলার কৈগাড়ি পূর্বপাড়ার মৃত মিলনের ছেলে আশরাফুল ইসলাম ওরফে আশা (২৪) ও একই এলাকার শহিদুল ইসলাম খোকনের ছেলে মো. মোস্তফা কামাল ওরফে কমল (২৫)। আশরাফুল ইসলাম আশার নামে অস্ত্র মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ ও শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি না দিলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে। এঘটনায় জড়িত অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।