জ্বালানি তেলের দাম বাড়ানোর জন্য সৌদি আরব ও রাশিয়াকে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনের কাছে মেরিল্যান্ডে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, ‘রুশ ও সৌদিরা যা করছে তার কারণেই তেলের দাম বাড়ছে।’
তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সাম্প্রতিক সিদ্ধান্তে নাখোশ হয়ে গত শুক্রবার এমন মন্তব্য করেন তিনি। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। গত ৫ অক্টোবর তেল উৎপাদন কমানোর বিষয়ে একমত হয় ওপেক প্লাস। সৌদি আরব ও রাশিয়া এ জোটের গুরুত্বপূর্ণ সদস্য। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে ওপেক। এ ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এরই মধ্যে দাম বেড়েছে ১০ শতাংশেরও বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও তেলের দাম কমানো ও উৎপাদন বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করে ওপেক প্লাসের নেওয়া এমন সিদ্ধান্তে হতাশ ওয়াশিংটন।
এ পরিস্থিতিতে অবশ্য বিকল্প খুঁজে বের করারও ইঙ্গিত দিয়েছেন বাইডেন। কর্মকর্তারা বলছেন, কৌশলগত রিজার্ভ থেকে প্রায় এক কোটি ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে চাইছেন বাইডেন।