ডিসেম্বরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত। উইন্ডিজের বিপক্ষে গত জুনে টেস্ট খেলার পর বাংলাদেশের সাদা পোশাকের ব্যস্ততা ছিল না। তাই টেস্ট ক্রিকেটাররা ছিলেন ফ্রি। এতদিন পর তাদের ব্যস্ততা শুরু হচ্ছে ওই ভারত সিরিজকে সামনে রেখেই। ‘এ’ দলের হয়ে তারা ভারতের তামিলনাড়ু সফরে যাচ্ছেন। এই সফরকে ভারত সিরিজের প্রস্তুতির মঞ্চ ধরা হচ্ছে। সফরের চার দিনের ম্যাচের দলে ১৪ জনের ৯ জনই জাতীয় টেস্ট ক্রিকেটার। অনেকেই ভারতের সঙ্গে খেলবেনও। অথচ ঘরের মাঠের সিরিজের প্রস্তুতিটা নিতে হচ্ছে বিদেশে গিয়ে। তাও আবার যারা টেস্ট সফরে আসবে সেই ভারতে।
‘এ’ দলের সিরিজটি হওয়ার কথা ছিল দুবাইতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে। কিন্তু আফগানরা সিরিজ আয়োজনে আর্থিক ভাবে অপারগ হওয়ায় সিরিজটি আলোর মুখ দেখেনি। তাই একই সময়ে ‘এ’ দলের ব্যস্ততা ধরে রাখতে ভারতের কোনো একটি রাজ্য দলের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। সাড়া দেয় তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু ভারতের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে ঘরের মাঠে ‘এ‘ দলের সিরিজ আয়োজন করতে পারেনি বিসিবি। সিরিজ নিজেদের মাঠে হলে টেস্ট ক্রিকেটারদের নিজেদের কন্ডিশনে আগে থেকেই তৈরি হওয়ার সুযোগ থাকত।
অবশ্য ‘এ’ দলের সফরসঙ্গী নির্বাচক হাবিবুল বাশার বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তার কাছে বিদেশে খেলাটাই বরং ভালো, ‘আমার মনে হয় চেন্নাইয়ের সঙ্গে আমাদের কন্ডিশনের খুব একটা পার্থক্য হবে না। পরিবেশ, উইকেট অনেকটা একই। অন্য কোনো দেশে হলে বলতাম যে একটু কঠিন। আর আমাদের এখন প্রথম শ্রেণির ক্রিকেট শুরু হচ্ছে, এখানে আসলে আমাদের সুযোগ নেই। আর হোমের চেয়ে বাইরের ম্যাচগুলো একটু বেশি চ্যালেঞ্জিং হয়। সেটা বরং আরও বেশি ভালো আমাদের জন্য। কারণ বাইরের কন্ডিশনে গিয়ে ভালো করলে হোমে ভালো খেলা সহজ হয়। তো আমি এটাকে ভালো দিক বা সুবিধা হিসেবে দেখছি যে বাইরের কন্ডিশনে গিয়ে প্রস্তুতিটা নিতে পারছি।’
একটা সময় ছিল, বাংলাদেশের টেস্ট ম্যাচ এলেই মনে পড়ত মুমিনুল হককে। সেই দিন আর নেই। বরং পরের টেস্ট সিরিজে মুমিনুলের দলে জায়গা পাওয়া নিয়েই আছে ঘোর সংশয়। ভারত সফরে বিসিবি একাদশের হয়ে তার পারফরম্যান্স এই সিদ্ধান্তে রাখতে পারে বড় ভূমিকা। নির্বাচকরাও আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবেন এই সিরিজে মুমিনুলের পারফরম্যান্সের দিকে।
‘মুমিনুল পরীক্ষিত ক্রিকেটার। অনেক দিন ধরে টেস্ট খেলেছে, আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। ওর কাছে যদি কিছু চাওয়া থাকে, তা হলো ওর আস্থা ফিরে পাওয়া নিজের ওপর। এটা অবশ্যই ওর জন্য ভালো সুযোগ, ভালো একটা দলের সঙ্গে খেলা হচ্ছে।’
মুমিনুলের পাশাপাশি বিসিবি একাদশের চার দিনের ম্যাচের স্কোয়াডে আছেন টেস্টে ভুগতে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, টেস্ট দল থেকে বাদ পড়া সাইফ হাসান, সাদমান ইসলামরাও। ভারতের বিপক্ষে সিরিজের আগে এই ভারত সফর তাদের জন্যও বড় সুযোগ মনে করছেন হাবিবুল।
তবে এ সিরিজের জন্য বাংলাদেশের ভারত যাওয়া নিয়েই গোল বেধেছে। কাল বিকেল পর্যন্ত ক্রিকেটারদের ভারতীয় ভিসা পাওয়ার খবর পাওয়া যায়নি। আজ সরকারি ছুটির পর কাল ভারতীয় হাইকমিশন খুললে ভিসা নেওয়া হবে। সেক্ষেত্রে ১১ অক্টোবর চেন্নাই যাবে দল। সব ম্যাচের সূচি পরিবর্তন হবে। আগের সূচিতে ১২-১৫ অক্টোবর প্রথম চারদিনের ম্যাচ হওয়ার কথা ছিল। ১৯-২২ তারিখ হওয়ার কথা ছিল দ্বিতীয় চারদিনের ম্যাচ।