কিংস ছাড়া নারী দলে আগ্রহ নেই বড়দের

দক্ষিণ এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্ব জিতে সারা দেশে আলোড়ন তুলেছেন সাবিনা-কৃষ্ণারা। তবুও দেশের শীর্ষ ক্লাবগুলোর নারী দল গঠন নিয়ে কোনো হেলদোল নেই। শীর্ষ ক্লাবগুলোর মধ্যে শুধু বসুন্ধরা কিংসই নারী ফুটবল লিগে অংশ নিচ্ছে।

১৫ নভেম্বর থেকে শুরু হবে নারী ফুটবল লিগ। অংশ নেবে যে ১২টি দল তার মধ্যে প্রতিষ্ঠিত ক্লাব রয়েছে মাত্র দুটি। বসুন্ধরা কিংস ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। এক সময় আবাহনী, মোহামেডান, শেখ জামাল নারী ফুটবলে দল গড়লেও এখন তারা দল গঠন করে না। মোহামেডানের নতুন পরিচালনা পর্ষদের নারী ফুটবলে দল গঠনের উদ্যোগের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আর তারা এন্ট্রি নেয়নি। বাফুফের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক তার প্রতিষ্ঠিত কলেজ আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব দল গঠন করেছিলেন গত বছর। কিংসের সঙ্গে আতাউর রহমান ভূঁইয়া কলেজই খানিকটা প্রতিদ্বন্দ্বিতা করে। ৮ দল নিয়ে হওয়া গত লিগে ১৪ ম্যাচের সবগুলো জিতে ৪২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিংস। ৩৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় আতাউর রহমান ভূঁইয়া কলেজ। এবারের লিগে চারটি বেড়ে দল হয়েছে ১২। দলবদল শুরু হবে ১৫ অক্টোবর থেকে। শেষ হবে ১০ নভেম্বর। দলবদল শেষের আগে লিগের সূচি দেওয়া হবে বলে শনিবার বৈঠক শেষে জানান উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

দুই লেগে ১২০টি ম্যাচই হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। প্রতিটি দল সর্বনিম্ন ২০ জন এবং সর্বোচ্চ ৩০ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। পুরুষদের মতো নারী লিগেও রেফারিং নিয়ে আলোচনা ছিল গত আসরে। এবার রেফারিং নিয়ে বিশেষ নজরদারি থাকছে। কিরণ বলেন, ‘রেফারিং সমস্যা বিশ্ব জুড়েই। আমরা রেফারিজ কমিটির সঙ্গে বসব। আশা করি এবার রেফারিং আরও ভালো হবে।’

নারী লিগে অংশ নেওয়া দল : বসুন্ধরা কিংস, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, এফসি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ইউনাইটেড ক্লাব, কাচারীপাড়া একাদশ উন্নয়ন সংস্থা, সদ্যপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাব, বরিশাল ফুটবল একাডেমী, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ ও উত্তরা ফুটবল ক্লাব লিমিটেড।