ডিসির নম্বর ক্লোন করে সুবিধা নেওয়ার চেষ্টা পণ্ড

পঞ্চগড়ে জেলা প্রশাসকের (ডিসি) মোবাইল ফোন নম্বর ক্লোন করে চলমান জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। ফোনে নির্বাচনের প্রার্থী এবং ভোটারদের ফোন করে বিশেষ বরাদ্দ দেওয়ার নামে অর্থও দাবি করা হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।

পুলিশ ও ঘটনার শিকার একাধিক ব্যক্তি জানান, গতকাল শনিবার বেলা ১১টা এক মিনিটে ০১৭১৩৮৮০৮৭৬ মোবাইল নম্বর থেকে কল করা হয় জেলা পরিষদ নির্বাচনে আটোয়ারী উপজেলার সদস্য প্রার্থী মাজেদুর রহমান বুকুলকে। ফোনে সেই ব্যক্তি নিজেকে পঞ্চগড়ের ডিসি পরিচয় দেন এবং নম্বরটি তার ব্যক্তিগত বলে জানান। পরে মাজেদুর রহমান প্রশ্ন করলে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের সরকারি ০১৭১৩২০০৮০৩ নম্বর ক্লোন করে সেই নম্বর দিয়ে ফোন করে তার আগের কথিত ব্যক্তিগত (পারসোনাল) ০১৭১৩৮৮০৮৭৬ নম্বরে কল ব্যাক করতে বলেন। সদস্য প্রার্থী মাজেদুর কল ব্যাক করলে তাকে ফোনে বলেন, আমি বিভিন্ন ইউনিয়ন পরিষদে বিশেষ বরাদ্দ দিয়ে আপনার ভোটের বিষয়ে হেল্প করতে চাই। এর বিনিময়ে তিনি বিকাশের মাধ্যমে টাকা দাবি করেন।

একইভাবে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনকে কল দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচনে সদস্য নির্বাচিত করার প্রস্তাব দেন। এ সময় তিনি (প্রতারক) ০১৮৬৪৪৩৬০৪৭ নম্বর দিয়ে সেই নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলেন।

জেলা প্রশাসকের নামে মোবাইলের মাধ্যমে অর্থ চাওয়ার বিষয়টি সন্দেহ হলে তারা তাৎক্ষণিক বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানান। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের ব্যক্তিগত সহকারী মো. আলতাফ পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি করেন এবং সামাজিক মাধ্যমে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়।

সদর থানার ওসি আবদুল লতিফ মিঞা বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নম্বর ক্লোন করে চলমান জেলা পরিষদ নির্বাচনের প্রভাব বিস্তারসহ অর্থ চাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান বলেন, এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সতর্কতামূলক প্রচারণাসহ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এর পরেও কেউ আর্থিক কোনো লেনদেন করলে প্রশাসন দায়ী থাকবে না।