খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ

নির্মাণাধীন ভবনের ঢালাই ধসে ২ শ্রমিক নিহত

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন এনএক্স ভবনের ক্যান্ডিলিবারের (বারান্দা) ছাদ ঢালাই ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসকর্মীদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কাজ করছেন। উদ্ধারকারীদের ধারণা, আরও দুই থেকে তিনজন শ্রমিক চাপা পড়ে থাকতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের বর্ধিত নির্মাণাধীন ভবনটির ক্যান্ডিলিবার ঢালাইয়ের কাজ করছিলেন ২২ জন শ্রমিক। আকস্মিকভাবে সেটি ধসে পড়লে শ্রমিকরা দিগবিদিক ছোটাছুটি করেন। ধসে পড়া নির্মাণাধীন ছাদের নিচে চাপা পড়ে পাঁচজন গুরুতর আহত ও দুজন নিহত হন। তাদের মধ্যে মো. সাজ্জাদ হোসেন (২০) শ্রমিকের কাজ করে খাগড়াছড়ি সরকারি কলেজে পড়াশোনা করতেন। হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। সাজ্জাদের বাড়ি জেলা সদরের কলেজ  গেট এলাকায়। তার বাবা মো. আমিন টিউবওয়েল মিস্ত্রি।

কী কারণে ক্যান্টিলিবারটি ভেঙে পড়েছে, তা কেউ বলতে পারেননি। ঠিকাদারি প্রতিষ্ঠান কে, তাও কেউ জানাতে পারেনি।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। ধ্বংসস্তূপে কেউ আছেন কি না, এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেছেন, কারও অবহেলা থাকলে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।