ঢাকার কেরানীগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভাগনা চিতা খোলা রোডে বালুর মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় নাইটগার্ড মঞ্জু মিয়া জানান, শনিবার ভোর রাতে যুবকটি ভাগনা এলাকায় রহস্যজনকভাবে ঘোরাঘুরি করছিল। চোর সন্দেহ করলে এলাকাবাসী ধাওয়া দিলে যুবকটিও দৌড় দেয়। একপর্যায়ে যুবকটিকে ধরে গণপিটুনি দিয়ে ভাগনা খালে ফেলে দেয় এলাকার লোকজন। খাল থেকে উঠিয়ে দেখে যুবকটি মারা গেছে, পরে তাকে পার্শ্ববর্তী বালুর মাঠে ফেলে চলে যায়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন আর রশিদ জানান, চোর সন্দেহে গণপিটুনি দিয়ে এলাকাবাসী এক যুবককে মেরেছে। লোকটির পরিচয় না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না সে চোর ছিল কি না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।