সিলেটে মেনন

অর্থনীতির যে দশা তাতে জনগণের ধৈর্য ধারণ কঠিন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বৈশ্বিক সংকটের দায়ভার দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া যায় না। জ্বালানি ক্ষেত্রে দেশে গত দুই দশকে যে দুর্নীতি ও লুটপাট হয়েছে, তা এখনো অব্যাহত আছে, এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিলেই সংকট এড়ানো যেত।

তিনি গতকাল শনিবার বিকেলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ও দলের কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলা কমিটির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি সিকান্দর আলী।

তিনি বলেন, ‘জনগণ ধৈর্য ধারণ করেছে বলেই ষড়যন্ত্রকারীরা এখন পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত সংকট নিয়ে কিছু করতে পারছে না। মুষ্টিমেয় দুর্নীতিবাজ, অসৎ ব্যক্তির লোভের ফলে অর্থনীতির যে দশা হতে চলেছে, তাতে জনগণের ওই ধৈর্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।’ সমাবেশে রাশেদ খান মেনন আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত সর্ষের ভেতর ভূত দেখছে। বিগত দিন তারা কোনো নির্বাচনই নিরপেক্ষ করতে পারেনি।’