নারায়ণগঞ্জের কাঁচপুরে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- অটোচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫), নুরুদ্দিন (৪৫) ও অজ্ঞাত এক পুরুষ (৩৩)।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ৪টি মর্গে রাখা হয়েছে। আহত জামাল মিয়াকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত মামুনের ছোট ভাই নাইমুল ইসলাম সুমন জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জ আদমজী এলাকায় থাকেন মামুন। স্থানীয় একটি গার্মেন্টসের লাইন চিফ হিসেবে কর্মরত ছিলেন। সকালে মামুন একাই তার বাসা থেকে কাঁচপুরে ছোট ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা শিকার হয়ে মারা যান।