বালিগঞ্জ সার্কুলার রোডের বহুতল আবাসন। সেখানেই টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর বাস। পাওলি দাম। সদ্য মুক্তি পেয়েছে তার নতুন হিন্দি কাজ 'কর্ম যুদ্ধ'। আপাতত পূজার ছুটি। রবিবার সকাল থেকে তার নিঃশ্বাস ফেলার সময় নেই। লক্ষ্মীপূজা বলে কথা! বাড়ির পূজা তো রয়েছেই, সঙ্গে আবার আবাসনের পূজা।
সকাল থেকে কেমন প্রস্তুতি চলছে? পাওলি বলেন, 'সকাল থেকে নয়, গতকাল রাত থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। সবকিছু তত্ত্বাবধান করা একটা বিশাল কাজ। ভোগ হচ্ছে। খিচুড়ি, ৫ রকম ভাজা, পায়েশ, চাটনি। নাড়ুও তৈরি করতে হবে।'
পাওলির কথায় এটা স্পষ্ট যে তিনি যতই টলিপাড়ার ব্যস্ত অভিনেত্রী হন না কেন, এই দিনটিতে তিনি শুধুই বাড়ির বউ। মায়ের দেওয়া হলুদ শাড়ি পরেই পূজায় সাজবেন নায়িকা। বাড়ির পূজা মিটিয়ে তার পর আবাসনের পূজাতেও যোগ দেবেন সকলের সঙ্গে। রাত পোহালেই তো আবার নিজের পুরনো রুটিনে ফেরার পালা। সূত্র : আনন্দবাজার