জিয়াউল ফারুক অপূর্ব। ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতার ক্রেজ দেশের গণ্ডি পেরিয়েছে অনেক আগেই। পাশের দেশ ভারতেও তার অসংখ্য ভক্ত। অপূর্বর অভিনয়, এক্সপ্রেশনের প্রশংসায় পঞ্চমুখ ভক্তকূল। তবে শুধু ভক্তরা নন, অপূর্বর ভক্ত তার সহশিল্পীরাও। তাদেরই একজন গুণী অভিনয়শিল্পী মনিরা আক্তার মিঠু। এবার তিনিও করলেন অপূর্বর প্রশংসা।
রবিবার সকাল সাড়ে ১০টায় মনিরা আক্তার মিঠু তার ভেরিফায়েড ফেসবুকে আইডিতে অপূর্বর উদ্দেশে লেখেন, 'কোনো প্রসঙ্গ ছাড়াই আমি প্রশংসা করেছি। নায়ক অপূর্ব!! সে নায়ক তো বটেই, সবার আগে সে মানুষ!! ভদ্র, বিনয়ী, সহশিল্পীর প্রতি সম্মানবোধ, সহশিল্পীর প্রতি দায়বদ্ধতা এবং সিনিয়র শিল্পীর সম্মানটা সে মাথার মগজে রাখে..!!'
তিনি আরো লেখেন, 'তার (অপূর্ব) মুখে কখনো কারো সম্পর্কে একটি কটূ কথাও শুনিনি..বরং সুনামটাই করে উদার চিত্তে!! দুনিয়াটাই দুই দিনের, খ্যাতি জনপ্রিয়তা কদিনের?? এইটাও সে তার চিন্তা চেতনায় রাখে!!'
সহশিল্পীর প্রশংসা, তবুও নানাজন নানা প্রশ্ন তুলেছেন। তবে প্রশংসাসূচক মন্তব্যের পরিমাণই বেশি। ১৩ হাজার রিঅ্যাক্টের এই পোস্টে এর মধ্যেই প্রায় সাত শতাধিক মন্তব্য করা হয়েছে।