'সারোগেসি' সন্দেহে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারেন নয়নতারা-ভিগনেশ

ছিল না মাতৃত্বের কোনো চিহ্ন অথচ বিয়ের ৪ মাসেই মা!

বিয়ের ৪ মাসের মাথাতেই সুখবর। যমজ সন্তানের বাবা-মা হওয়ার কথা জানালেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও ভিগনেশ শিবান। এখন তাদের বাড়িতে খুশির হাওয়া। সুখবর দেওয়ার পরপরই নতুন করে সমস্যায় জড়াতে চলেছেন এই তারকা দম্পতি। কারণ, গত জুনেই বিয়ে করেন নয়নতারা-ভিগনেশ। আর তারা বাবা-মা হয়েছেন ৯ অক্টোবর। এর মাঝে অন্তঃসত্ত্বা হওয়ার কোনো চিহ্নই দেখা যায়নি নয়নতারার শরীরে। কারণ কিছুদিন আগেও 'গডফাদার' ছবির প্রচারে স্বাভাবিকভাবেই দেখা গিয়েছিল নয়নতারাকে। তাই অনেকেই মনে করছেন সারোগেসির মাধ্যমেই বাবা-মা হয়েছেন নয়নতারা-ভিগনেশ।

কারণ, সারোগেসি নিয়ে দেশে যে আইন জারি হয়েছে তা নয়নতারা ও ভিগনেশ আদৌ মেনেছেন কি-না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, গত জানুয়ারি মাস থেকে এ দেশে টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নেওয়ার (সারোগেসি) বিষয়টি নিষিদ্ধ করা হয়। একমাত্র নির্দিষ্ট কিছু শর্তেই কোনো দম্পতি সারোগেসি পদ্ধতির সাহায্য নিতে পারে। আর তাই নয়নতারা-ভিগনেশের সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এ বিষয়ে তারকা দম্পতি এখনো মুখ খোলেননি।

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম বলেন, 'বিষয়টি নিয়ে তারকা দম্পতি নয়নতারা ও ভিগনেশ শিবানের কাছে জানতে চাওয়া হবে।'

গতকাল বাবা-মা হওয়ার সুখবর সোশাল মিডিয়ায় মাধ্যমে সকলকে দেন তারকা দম্পতি। ভিগনেশ শিবান লেখেন, 'নয়ন ও আমি বাবা-মা হয়েছি। ঈশ্বরের আশীর্বাদে আমাদের যমজ পুত্রসন্তান হয়েছে। আমাদের প্রার্থনা ও আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদেই এই সুখবর এসেছে। এরা দুজনে একসঙ্গে আমাদের কাছে এসেছে। আমাদের উইর এবং উলাগামের জন্য আপনাদের আশীর্বাদ একান্তভাবেই কাম্য।'

প্রসঙ্গত, ৭ বছরের প্রেম, গত জুনে পরিণতি পায় দক্ষিণী অভিনেত্রী নয়নতারা-ভিগনেশের সম্পর্ক। পরিচালক প্রেমিক ভিগনেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নয়নতারা। চেন্নাইয়ে বসে নয়নতারা-ভিগনেশ বিয়ের আসর। চেন্নাইয়ের মহাবালিপুরমের শেরাটন গ্র্যান্ডে আয়োজিত নয়নতারা-ভিগনেশ-এর বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের সংখ্যা ছিল সীমিত। দুই পরিবার আর কাছের কিছু লোকজনকে সাক্ষী রেখেই ৭ পাকে বাঁধা পড়েন তারকা দম্পতি। তবে অভিনেতা রজনীকান্ত, শাহরুখ খান, সুরিয়া এবং বিজয় এবং চলচ্চিত্র নির্মাতা মণি রত্নম এবং অ্যাটলি, মহাবালিপুরমের শেরাটন গ্র্যান্ডে বিয়েতে উপস্থিত ছিলেন বলে জানা যায়। সূত্র : হিন্দুস্তান টাইমস