নভেম্বরের আগে লোডশেডিং কমার আশা নেই : নসরুল

গ্যাস আনতে না পারায় নভেম্বরের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চেয়েছিলাম অক্টোবর থেকে কোনো লোডশেডিংই থাকবে না। কিন্তু সেটা আমরা করতে পারলাম না। সরকার গ্যাস আনতে পারেনি।’ তিনি বলেন, লোডের কারণে দিনের বেলা কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখতে হচ্ছে। আবার দিনে যেগুলো চলছে, সেগুলো রাতে বন্ধ রাখতে হচ্ছে। এ জন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘অক্টোবর মাসটা একটু কষ্ট করতে হবে। আশা করছি, সামনের মাস থেকে আরেকটু ভালো হবে। সমস্যাটা সাময়িক হতে পারে। তবে আমি মনে করি, বললেই এটা সাময়িক হচ্ছে না। কারণ, বিশ্ব পরিস্থিতি আবার অন্য রকম করে ফেলে।’

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘নভেম্বর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে আমি আশা করছি। ইন্ডাস্ট্রিতে ডিমান্ড বেড়ে গেছে। তাই আমরা বিদ্যুতে গ্যাস কমিয়ে দিয়েছি। আর কমিয়ে দেওয়ার কারণে সমস্যা দেখা দিয়েছে।’