খাদ্য অধিদপ্তরে নিয়োগ দুর্নীতি

যুগ্ম সচিবসহ ৫০ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

উত্তরপত্র ঘষামাজা করে নাম্বার বাড়িয়ে অযোগ্য প্রার্থীদের খাদ্য পরিদর্শক পদে চাকরি দেওয়ার দায়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ ৫০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বিশেষ জজ আদালতে তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক আলী আকবর চার্জশিট জমা দেন। দুদক সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানিয়েছেন।

মাহবুব হোসেন বলেন, কম্পিউটার সফটওয়্যারে কারসাজি করে অনুত্তীর্ণদের লিখিত পরীক্ষার ফলে বেশি নম্বর দেখিয়ে ৪৪ প্রার্থীকে চাকরি পাওয়ার অবৈধ সুযোগ করে দিয়েছেন আসামিরা। অধিকতর তদন্ত শেষে ৫০ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

জানা গেছে, খাদ্য অধিদপ্তরের ২০১০ সালের ১৬ সেপ্টেম্বরে তৃতীয় শ্রেণির ১০ ক্যাটাগরিতে (খাদ্য পরিদর্শক, উপ-খাদ্য পরিদর্শক, সহকারী উপ-খাদ্য পরিদর্শক, সুপারভাইজার, অডিটর, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক, ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, সহকারী অপারেটর) ১ হাজার ৫৫২টি শূন্য পদ পূরণের জন্য খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপরই খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ইলাহী দাদ খানকে সভাপতি করে পাঁচ সদস্যের যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়।