এক লাফে বোলারদের র‌্যাংকিংয়ে সেরা ২৫ জনে মেঘলা

নারী এশিয়া কাপে সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। বৃষ্টিতে ভেসে গেছে তাদের সেই স্বপ্ন। নিগার সুলতানাদের বিদায়ে ইতিহাস গড়ে সেরা চারে নাম লিখিয়েছে থাইল্যান্ড। চেরাপুঞ্জির কোল ঘেষা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগ্রেসদের ক্রন্দনের মাঝেও এসেছে স্বস্তির খবর।

টুর্নামেন্টে নিজের সামর্থের যথাযথ প্রমাণ রেখেছেন সানজিদা আক্তার মেঘলা। তার ভালো বোলিংয়ের ছাপ পড়েছে র‌্যাংকিংয়ে। মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এক লাফে ২৫ ধাপ এগিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

মেয়েদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও মুর্শিদা খাতুন।

বোলারদের র‌্যাংকিংয়ে প্রথম ২৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন সানজিদা। ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২৪তম স্থানে। ৯ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে রুমানা আহমেদ। সবশেষ তিন ম্যাচে লেগ স্পিনে তার শিকার ৭ উইকেট। জাহানারা আলমের উন্নতি ৫ ধাপ, আছেন ৫৯তম স্থানে। ৮ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে আছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।

বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান সালমা খাতুনের। ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন তিনি ১৩তম স্থানে। এই তালিকায় যথারীতি শীর্ষে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।

মালয়েশিয়ার বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলা বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার ব্যাটারদের মধ্যে অগ্রগতি ৩ ধাপ। ২২ নম্বরে থাকা এই কিপার-ব্যাটার দেশের হয়ে আছেন সেরা অবস্থানে। ওই ম্যাচে ৫৬ রান করা মুর্শিদা ১০ ধাপ এগিয়ে ২৭তম স্থানে। ৩ ধাপ নিচে নেমে ফারজানা হক আছেন ৪৯ নম্বরে। ২ ধাপ অবনতি সালমার, অবস্থান ৫২তম। সেরা একশতে বাংলাদেশের আর আছেন রুমানা ৬৮তম ও শামিমা সুলতানা ৭৯ তম।