'মহব্বতে', 'কাভি খুশি কাভি গম', 'কাভি আলবিদা না ক্যাহনা'- এই ছবিগুলোতে একটাই মিল- অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। কখনো তারা বাবা-ছেলে, কখনো শ্বশুর–জামাই। ছবির সৌজন্যে একে অপরের সঙ্গে নানা সম্পর্কে জড়িয়েছেন। শাহরুখ-অমিতাভ জুটিকে বড় পর্দায় দেখতে ভালোবাসেন দর্শকও। শুধুই দর্শক বললে ভুল বলা হবে, বাস্তবে তাদের পরিবারও কিন্তু এই জুটিকে খুবই ভালোবাসে। যেমন 'কিং খান'-এর ছোট ছেলে আব্রাম অমিতাভকে নিজের দাদাই ভেবে বসেছিল।
আব্রামের সঙ্গে দেখা হওয়ার সেই মুহূর্তের কথা এখনো ভোলেননি বিগ বি। কোনো এক জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে সেই প্রথম বিগ বি'র সঙ্গে দেখা হয় শাহরুখপুত্র আব্রামের। তাকে দেখেই তো অবাক আব্রাম। বিগ বি বলেন, 'আব্রাম সত্যিই বিশ্বাস করত আমি শাহরুখের বাবা। কোনো সন্দেহ ছাড়াই সে বিশ্বাস করে আমি ওর দাদু। ভাবে দাদু কেন তাদের সঙ্গে বাড়িতে থাকেন না।'
একটি অনুষ্ঠানে অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দ আব্রামের সঙ্গে পরিচয় করিয়ে দেন তার। সেই মুহূর্ত ফ্রেমবন্দিও হয়। তখনই দাদুকে দেখে অবাক হয়েছিলেন খুদে। নিজেদের ছবি শেয়ার করে এই দাদা-নাতির গল্পই বলেন অমিতাভ। আর তা পড়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শাহরুখও।
কিং খান বলেন, 'স্যার সত্যিই আপনি মাঝেমাঝে আমাদের বাড়ি আসতেই তো পারেন। আব্রামের সঙ্গে প্রত্যেক শনিবার এসে একসঙ্গে খেলতে পারেন। আব্রামের আইপ্যাডে দারুণ গেম আছে, আপনারও ভালো লাগবে।'
এই ঘটনার পর কি আব্রামের সঙ্গে খেলতে গিয়েছিলেন বিগ বি? সেই উত্তর এখনো জানা যায়নি। সূত্র : ইন্ডিয়া টুডে