ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে পূজা চেরীর প্রেমের গুঞ্জন চলছিল অনেকদিন ধরে। মাঝে বুবলী-বীর কাণ্ডে খানিক ধামাচাপা পড়লেও ফের মিডিয়ায় কানাঘুষা শুরু হলো, শাকিব-পূজা নাকি বিয়েও করে ফেলেছেন। এমনকি বিয়ের জন্য নাকি পূজা তার ধর্মও ত্যাগ করেছেন!
শোনা যাচ্ছে, ২২ সেপ্টেম্বর বিয়ে করেছেন এই 'গলুই' জুটি।
কিন্তু নায়িকা বললেন অন্য কথা। তিনি নিশ্চিত করলেন, 'এসব সত্য নয়। বিষয়টি নিয়ে আমি ভীষণই বিরক্ত। তাই আগামীতে যদি কেউ এমন ভিত্তিহীন খবর ছড়ায়, আইনি ব্যবস্থা নেব।'
গুঞ্জন প্রসঙ্গে পূজার ভাষ্য, 'কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই- যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।'
বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত পূজা মনে করেন, এগুলো বন্ধ হওয়া প্রয়োজন। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে নায়িকা লেখেন, 'যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন, তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্য-মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতেও গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি- দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।'