বনানীতে জিএম কাদের

মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে

দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় সাধারণ মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, ‘দেশের মানুষ এখন আর নির্বাচনে আগ্রহ দেখাচ্ছে না। যারা ভোট করতে চায় তারাও জানে নির্বাচন করতে জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হয় না, সম্পর্ক রাখতে হয় ক্ষমতাসীন দলের সঙ্গে। তাই, রাজনীতি ও রাজনৈতিক দলগুলো জনসাধারণ থেকে দূরে সরে যাচ্ছে। এ কারণে সাধারণ মানুষও ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে।’

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলটিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন জিএম কাদের।

অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) নির্বাহী সম্পাদক ও এফবিসিসিআই সদস্য মির্জা শাহাদাৎ হোসেন এবং বিএইচআরসি সাধারণ সম্পাদক (আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি) গোলাম কিবরিয়া মোল্লা আনুষ্ঠানিকভাবে জাপায় যোগ দেন।

গতকালের অনুষ্ঠানে আজ বুধবার অনুষ্ঠেয় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনসহ চলমান জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে জাপা নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার অভিযোগ করেন জাপা চেয়ারম্যান।