বাংলাদেশ-কসভো ভিসামুক্ত চুক্তি

কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসামুক্ত যাতায়াতে ভিসামুক্ত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও কসভো। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-কসভোর মধ্যে প্রথম ফরেন অফিস কনসালট্যান্ট বৈঠকের পর চুক্তিটি স্বাক্ষরিত হয়। 

বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন । প্রিস্টিনার পক্ষে কসভোর উপপররাষ্ট্রমন্ত্রী ক্রেসনিক আহমেতি নেতৃত্ব দেন। মোমেন-আহমেতি নিজ নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এর আগে গত সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে একটি আলোচনার আয়োজন করা হয়েছিল, যেখানে কসভোর সফররত উপপররাষ্ট্রমন্ত্রী ‘কসভো : উন্নয়ন, রাষ্ট্র গঠন এবং বৈদেশিক নীতি’ শীর্ষক বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী। এ ছাড়া গতকাল উপমন্ত্রী আহমেতি বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আজ বুধবার তিনি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এবং ডিসিসিআইর প্রতিনিধিদলও উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ও কসভোর মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করবে।