রাজধানীর খিলক্ষেত বিশ্বরোডে চলন্ত এক প্রাইভেটকারের ধাক্কায় রাশেদুল ইসলাম বাবু (২৭) নামে এক তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন রাশেদুল ইসলাম বাবুর স্ত্রী সুমি আক্তার (২৩) ও দুই বছরের ছেলে আহমেদ ইসলাম শুভ।
মুমূর্ষু অবস্থায় প্রথমে তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্যালক সিজান মিয়া জানান, বাবুর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। তিনি ঢাকায় রিকশা চালাতেন এবং পরিবার নিয়ে বিশ্বরোড এলাকাতেই থাকতেন। গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রাতে স্ত্রী-সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তারা।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাবিব জানান, রাতে তারা ফুটপাত ব্যবহার না করে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় বিমানবন্দরগামী একটি সাদা রঙের প্রাইভেটকার রাস্তার আরও কয়েকটি লেন রেখে এক পাশে চেপে তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।