মা ইলিশ রক্ষায় মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীর বিভিন্ন অংশে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। এ সময় প্রায় আড়াই মণ মা ইলিশ জব্দ ও ১২ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করেছে প্রশাসন।
জব্দ ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে পদ্মার চর এলাকায় ইলিশ বেচাকেনার দুটি অস্থায়ী হাট ভেঙে দেয়া হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে অভিযানে পুলিশ, র্যাব, নৌপুলিশ, কোস্টগার্ডসহ প্রায় ২ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে একশ্রেণীর অসাধু জেলে পদ্মায় মা ইলিশ নিধন করে সেই মাছ পদ্মা নদীর দুর্গম চরে নিয়ে বিক্রি করছে। সেখানে এক প্রকার ইলিশের হাট বসে। এমন খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে অভিযান চালায় প্রশাসন।
এদিকে অভিযান টের পেয়ে অস্থায়ী হাটের সব দোকানপাট বন্ধ করে আগেই পালিয়ে যান জেলেরা। এ সময় প্রশাসন কাশবন ও আশপাশ থেকে প্রায় ১২ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করে। এক জেলেকে আটক করে সাজা প্রদান করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার। এই কদিন পদ্মা নদীর শিবচর অংশে নিয়মিত অভিযান চলছে। পদ্মায় কোনো জেলে যেন মাছ ধরতে না নামে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বার বার সকলকে সর্তক করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।