মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে গেছে। জাহাজটির ১৫ জন নাবিকের নয়জনকে উদ্ধার করা গেলেও ক্যাপ্টেনসহ ছয়জন এখনও নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর সী রিসোর্স জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ফিশিং জাহাজটির নাম এফভি মাগফেরাত। জাহাজটির মালিক র্যাংকন ফিশিং লিমিটেড।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ওসি মো.একরাম উল্লাহ বলেন, মঙ্গলবার রাতে জাহাজটি মেরামতের জন্য সী রিসোর্স ডকইয়ার্ডে তোলার সময় জাহাজের পাখা খুলে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর দুই নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ১৫ নাবিকের মধ্যে নয়জন সাঁতরে নৌকায় ওঠে উদ্ধার হলেও ছয়জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের মধ্যে জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো.সাইফুল ও রহমত আলীর পরিচয় জানা গেছে। নিখোঁজ নাবিকদের উদ্ধারে বন্দরের উদ্ধারকারী জাহাজ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা তৎপরতা চালাচ্ছেন।