চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে গেলে এলাকায় ফিরে আসতে পারবে না বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়ার বিরুদ্ধে। তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে উপজেলার ধুম ইউনিয়নের ১০টি কমিটির প্রতিনিধি সভা উপলক্ষে প্রচারণার সময় গোলকারহাট বাজারে জাহাঙ্গীর ভূঁইয়া ওই বক্তব্য দেন। তিনি ধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
ভিডিওতে বক্তব্যের এক অংশে জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, আমরা পরস্পর শুনতে পাই, উন্নয়নের ধারা ব্যাহত করতে ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত-বিএনপি কোথায় নাকি সমাবেশ ডেকেছে। এ সমাবেশকে আমরা প্রত্যাখ্যান করি। ৪ নম্বর ধুম ইউনিয়ন থেকে কোনো ব্যক্তি, কোনো ছাত্র, কোনো যুবক এই সমাবেশে অংশগ্রহণ করবে না। এ সমাবেশে যদি কোনো ব্যক্তি, ছাত্র, যুবক, কোনো ব্যবসায়ী অংশগ্রহণ করে, তাদের প্রতি আমাদের ঘোষণা থাকল, তারা যেন বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত এবং আগামী এক বছর আমরা যে ক্ষমতায় আছি, আমাদের ক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত তোমরা যে সমাবেশে গিয়েছ, সে সমাবেশ থেকে এলাকায় ফিরে আসতে পারবা না। তোমরা যেন এলাকায় ফিরে না আসে। তাদের প্রতিহত করার জন্য আমি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকে উদাত্ত আহ্বান জানাব। তাদের একে একে চিহ্নিত করা হোক।
জানতে চাইলে জাহাঙ্গীর ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি বলেছি, সন্ত্রাসের বিরুদ্ধে। এলাকায় যারা সন্ত্রাসী কার্যক্রম করে, তাদের বিরুদ্ধে। এলাকায় গাছ চুরি, মাছ চুরি করে। আমি বলেছি যে সমাবেশে লাঠি নিয়ে জ্বালাও–পোড়াওয়ের কথা বলে সন্ত্রাস করে তারা যাতে না আসে।’
এ বিষয়ে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের নেতা- কর্মীদের চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে না যেতে আওয়ামী লীগ নেতার হুমকি দেওয়া বক্তব্যটি আমি শুনেছি। রাজনীতির নীতিবিবর্জিত স্বৈরাচারী বক্তব্যের নিন্দা জানাই। বিএনপি জেগে উঠেছে। এমন হুমকিকে আর আমাদের নেতা-কর্মীরা ভয় পান না।’
বুধবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে দলটির বিভাগীয় সমাবেশ রয়েছে। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।
চট্টগ্রাম শহরে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে বিএনপির প্রায় দুই মাসব্যাপী এ কর্মসূচি শুরু হচ্ছে, যা শেষ হবে ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ দিয়ে।