শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রান। স্যাম ক্যারানের প্রথম বলেই ছক্কা হাঁকালে ম্যাচে ফিরে উত্তেজনা। তবে পরের পাঁচ বলে আর উত্তেজনা জারি রাখতে পারেনি অস্ট্রেলিয়া। ক্যানবেরায় বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের বিপক্ষে ইংল্যান্ড জিতেছে ৮ রানে।
দাভিদ মালানের বিস্ফোরক ইনিংসের পর কারানের দারুণ বোলিংয়ে জিতে সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মূল বোলিং আক্রমণের সবাই ফেরেন এই ম্যাচে। স্টার্ক-কামিন্স-হেইজেলউড-জ্যাম্পার সঙ্গে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলও। তবে ভাগ্য ফিরল না স্বাগতিকদের। প্রথম ম্যাচেও তারা হেরেছিল ৮ রানে।
প্রথম ম্যাচে ২০৮ রান করা ইংল্যান্ড এবার করতে পারে ১৭৮ রান। বড় অবদান যেখানে মালানের। ৪৯ বলে ৮২ রানের খুনে ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। মইন আলি ২৭ বলে করেন ৪৪। অজিদের হয়ে স্টয়নিস তিনটি, জাম্পা দুটি এবং স্টার্ক ও কামিন্স নেন একটি করে উইকেট।
জবাবে মিচেল মার্শ (২৯ বলে ৪৫) ও টিম ডেভিডের (২৩ বলে ৪০) ঝড়ো দুটি ইনিংসে সিরিজে ফেরার আশা জাগায় অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত অল্পের জন্য পেরে উঠল না তারা।