ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী একসঙ্গে প্রথম মুখোমুখি হয়েছেন একটি রহস্য-সিনেমায়। আশরাফুল আলম শাওনের লেখা গল্পে সিনেমাটি বানিয়েছেন ‘দেবী’ নির্মাতা অনম বিশ্বাস। সিনেমার নাম ‘দুই দিনের দুনিয়া’।
যার চিত্রনাট্য করেছেন আশরাফুল আলম শাওন ও অনম বিশ্বাস।
নির্মাতা অনম জানান, ১০০ মিনিট দৈর্ঘ্যের ছবিটি অন্তর্জালে মুক্তি পাচ্ছে ১৩ অক্টোবর রাত ৮টায়।
কাজটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘ওয়েবে আমি অনেক ভিন্ন ভিন্ন গল্পে কাজ করেছি, তবে ‘দুই দিনের দুনিয়া’র গল্পটা আগের সব গল্প থেকে একদম আলাদা। আমি সবসময় চাই নতুন গল্পে নতুন চরিত্রে কাজ করার জন্য। এখন আমাদের খুব চিন্তা করে কাজ করতে হয়। কাজ করার জন্য করছি ব্যাপারটা মোটেও এরকম নয়। কেননা, আমাদের দর্শক শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। পরিচালক অনম বিশ্বাস ও তার দক্ষ দল মিলে সব দর্শককে খুব ভালো একটা কাজ উপহার দিতে যাচ্ছে। দর্শকের যে ক্ষুধা বা রুচি সেই জায়গা থেকে আমি মনে করি একটি মানসম্পন্ন কাজ হয়েছে ‘দুই দিনের দুনিয়া’।’
লেখক আশরাফুল আলম শাওন জানান, ট্রাক ড্রাইভার সামাদের সঙ্গে হাইওয়েতে দেখা হয় জামশেদ নামে এক অদ্ভুত ও রহস্যময় লোকের। জামশেদ দাবি করে সে নাকি ভবিষ্যৎ থেকে এসেছে। সামাদ বুঝে উঠতে পারে না জামশেদ আসলে কী? পীর, সাধক বা গণক জাতীয় কেউ, নাকি একজন বাটপার! জামশেদের সঙ্গে সামাদের শুরু হয় দু দিনের এক জার্নি। এরপরই সামাদের জীবনের সবকিছু আস্তে আস্তে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে।
এতে সামাদ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল আর জামশেদ হলেন বাবু।
এ ছাড়া এ সিনেমায় অভিনয় করেছেন তানভীন সুইটি, তানিয়া বৃষ্টি, মৌসুমি হামিদ, রাকিব হোসাইন ইভন, ইকবাল হোসাইন, শাক্ষ্য শহিদ, মান্তাহা ওয়ারদা, আনজুমান আরা শিরীন, হান্নান শ্যালী, নুসরাত জাহান নদী, সাজ্জাদ, বিটলু শামীম, মাহফুজ মুন্না, সোহেল মাসুদ, অনিক হাসান, সাইফ আহমেদ, সোহেল আহমেদ, রাচি চৌধুরী প্রমুখ।
নির্মাতা অনম বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, ‘যেকোনো ফিল্মমেকার চায় যাদের সঙ্গে তিনি কাজ করছেন তারা যেন সিনেমার গল্পে ফোকাস করে। আর বিগত দুই-তিন বছর ধরে এই গল্পটা নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ফাইনালি অনেক চড়াই-উতরাই পেরিয়ে কাজটা শেষ হয়েছে।’
নির্মাতা জানান, এই সিনেমার গল্পে দেশীয় আবহের সঙ্গে সায়েন্স ফিকশন ঘরানার সংমিশ্রণ করা হয়েছে।