তথ্যমন্ত্রীর কথায় প্রমাণ হয় আদালতের রায় আসে গণভবন থেকে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও কারাগারে নেওয়ার হুমকি দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমাণ করেছেন আদালতের রায় আসে গণভবন থেকে।’

বুধবার (১২ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে, সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি উল্টাপাল্টা স্বপ্ন দেখলে খালেদা জিয়াকে কারাগারে ফেরতের কথা ভাবতে হবে। আমান উল্লাহ আমান সাহেব সম্ভবত এ ধরনের কোনো কিছু স্বপ্নে দেখেছেন। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপা-বদান্যতাতেই বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন।’

তারও আগে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, ‘আগামী ১০ ডিসেম্বরের পরে বাংলাদেশ চলবে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায়। এর বাইরে কারও কথায় দেশ চলবে না।’

রিজভী বলেন, ‘বিচার বিভাগ এক জায়গা থেকে পরিচালিত হয় বলে আমরা বারবার দাবি করে আসছি। আর আমাদের দাবি যে সত্য তা প্রমাণ করছে সরকার। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ যে বক্তব্য দিয়েছেন তাতে আবারও বিষয়টি প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘শুধু আমরা নই, প্রাণ বাঁচাতে বিদেশে পালিয়ে যাওয়া দেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রকাশ্যে এ বিষয়ে বলেছেন।

তিনি বলেছিলেন, ‘বিচার আচার সব একজায়গা থেকে নিয়ন্ত্রিত হয়।’ জনগণ এখন মনে করে খালেদা জিয়া কারাগারে থাকবেন, না বাইরে থাকবেন সেটা প্রধানমন্ত্রী ঠিক করেন। আইন আদালতে আওয়ামী চেতনার পরীক্ষিত ব্যক্তিদের বসিয়ে অভিনয় করানো হয়। কিন্তু আসল রায় আসে গণভবন থেকে।’

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে খালেদা জিয়াকে আবারও কারাগারে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন মন্ত্রী হাছান মাহমুদ ও মেয়র শেখ ফজলে নুর তাপস। তাদের এই হুংকারে আবারো জনগণের সামনে প্রমাণিত হলো খালেদা জিয়া ইতিহাসের চরমতম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারারুদ্ধ। শেখ হাসিনা তার ক্যাঙ্গারু কোর্টে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলার ফরমায়েশি রায়ে তাকে কারাগারে রেখে প্রাণনাশের ষড়যন্ত্র করছেন। রাষ্ট্রের বিধিবিধানকে পদদলিত করে চলেছেন। এতেই বোঝা যায় বিচারক এবং আদালত সর্বোপরি প্রশাসন আওয়ামী লীগের তল্পিবাহকের ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রীর কৃপা কিংবা ক্রোধের উপরই দেশ শাসিত হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি'র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব প্রমুখ।