গাইবান্ধা-৫ উপনির্বাচন: বিক্ষোভ, আ.লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধের প্রতিবাদে ও ফলাফল ঘোষণার দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে একই দাবিতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন। 

বুধবার বিকেলে নির্বাচন বন্ধের খবর শুনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

এ সময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু ও ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ টি এম রাশেদুজ্জামান রোকন প্রমুখ। 

বক্তারা বলেন, চক্রান্তের কারণে এ উপনির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ জন্য যা ভোট পড়েছে তা হিসেব করেই ফলাফল ঘোষণার দাবি জানান বক্তারা। 

নির্বাচন বন্ধের প্রতিবাদে ও ফলাফল ঘোষণার দাবিতে সাঘাটা উপজেলা পরিষদ চত্ত্বরেও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী। 

অপরদিকে ফলাফল ঘোষণার দাবিতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বোনারপাড়ায় সাঘাটা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন। 

এ সময় মাহমুদ হাসান রিপন বলেন, এই উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে প্রায় সারাদিন ভোট দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কোনো কোনো কেন্দ্রে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহন চলেছে। স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তারা কারো কাছে কেউ কোনো অভিযোগ দেননি। অথচ বাস্তবসম্মত ও যৌক্তিক কারণ ছাড়া নির্বাচন কমিশন বেশকিছু কেন্দ্রে ভোটগ্রহন স্থগিত করে। যা সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। 

তিনি বলেন, তারা কমিশনের একতরফা সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে কমিশন উপনির্বাচন বন্ধ করার ঘোষণা দেয়। এতে সাধারণ ভোটারদের মধ্যে হতাশা কাজ করেছে। এর তীব্র প্রতিবাদ জানান তিনি।

তিনি অভিযোগ করেন, যেসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে কমিশন, অধিকাংশই জাতীয় পার্টির প্রার্থী পরিকল্পিতভাবে এ কাজটি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করেছেন। এটা ষড়যন্ত্র ও রহস্যজনক। 

প্রথম যে ৪৪টি কেন্দ্র স্থগিত করা হয়, সেগুলো বাদে বাকী কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার দাবি জানান মাহমুদ হাসান রিপন।