মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম-বালুখন্ড সড়কের বরাটিয়া মোড়ের চারটি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় রাকি হোসেন আলমাসের বিরুদ্ধে। অভিযুক্ত আলমাস দক্ষিণ চারিগ্রামের বাসিন্দা।
সরেজমিনে গতকাল বুধবার সকালে দেখা যায়, ওই সড়কের একটি কড়ই, একটি মেহগনি ও দুটি কাঁঠালগাছ কেটে রাস্তায় ফেলে রাখা হয়েছে। শুরুতে স্থানীয় ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। বাধা উপেক্ষা করে গাছগুলো প্রকাশ্যে কেটে ফেলা হয়েছে বলে একাধিক ব্যক্তি জানান।
স্থানীয় আনছার ফকির, তমিজ ফকির ও দুলিসহ অনেকেই অভিযোগ করেন, কেটে ফেলা গাছগুলো সরকারি। পথচারীরা গাছের ছায়ায় বিশ্রাম নিত। স্থানীয়রা গাছ কাটায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। ৯ নম্বর ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম বলেন, সরকারি গাছ কাটার বিষয়টি আমি ইউপি চেয়ারম্যান এবং নায়েবকে জানিয়েছি। চৌকিদার বাধা দেওয়া সত্ত্বেও গাছগুলো কেটে ফেলা হয়েছে। তবে অভিযুক্ত রাকিব হোসেন আলমাস কেটে ফেলা গাছগুলো তাদের বলে দাবি করেন।
চারিগ্রাম ইউপির চেয়ারম্যান দেওয়ান মো. রিপন হোসেন বলেন, ‘আমি যতটুকু জানি কেটে ফেলা গাছগুলো তাদের ব্যক্তিগত জায়গার।’
চারিগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. খায়রুল বাশার সরকারি রাস্তার চারটি গাছ কেটে ফেলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠাচ্ছি। জড়িতদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।’
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ বলেন, ‘সরকারি গাছ কাটার বিষয়টি আমি শুনেছি। নায়েবের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’